Ads

বন্যায় প্রাণহানি বেড়ে ৫৯, ফেনী-কুমিল্লায় পরিস্থিতির উন্নতি

 বন্যায় প্রাণহানি বেড়ে ৫৯, ফেনী-কুমিল্লায় পরিস্থিতির উন্নতি




চলমান বন্যায় সারাদেশে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। বর্তমানে পানিবন্দি রয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার, এবং মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২ জন।

শনিবার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ১২ জন শিশু রয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ২৩ জনের প্রাণহানি ঘটেছে ফেনী জেলায়। কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৯, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে একজন করে মারা গেছে। মৌলভীবাজার জেলায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিস্থিতির উন্নতি ঘটেছে, এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

বন্যার্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ৯২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৩ লাখ ৯৩ হাজার ৩০৫ জন মানুষ এবং ৩৬ হাজার ১৩৯টি গবাদি পশুকে আশ্রয় প্রদান করা হয়েছে।

Post a Comment

0 Comments